নিজেদের ক্রিকেট ইতিহাসে স্মরনীয় এক জয় পেল নেপাল। অল্প পুঁজি নিয়েও উজ্জীবিত বোলিং-ফিল্ডিংয়ে তারা হারিয়ে দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।
শারাজাহয় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শনিবার উইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল। ১৪৮ রানের পুঁজি নিয়ে তারা ক্যারিবীয়দের ১২৯ রানে আটকে দেয়।
আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যে কোনো সংস্করণে নেপালের প্রথম জয় এটি। সেটাও আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচেই।
সিরিজটিকে ‘ঐতিহাসিক’ সিরিজ হিসেবে উল্লেখ করেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। যার শুরুতেই অঘটনের শিকার ক্যারিবিয়ানরা।
ভারতে সামনে টেস্ট সিরিজ থাকায় সিরিজে যদিও পূর্ণ শক্তির দল পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অনেকটা নতুন চেহেরার দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে অভিষেক হয়েছে তাদের চার জনের।

তাতে অবশ্য নেপালের অর্জন কমছে না একটুও। তারা ঐতিহাসিক এই জয় পেল বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট লর হাত ধরে।
সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই জয়ের নায়ক নেপালের অধিনায়ক রোহিত পাউড়েল। ব্যাট হাতে ৩৫ বলে সর্বোচ্চ ৩৮ রানের পর বল হাতে তিন ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন ২৩ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার। ম্যাচ-সেরাও তিনিই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় নেপাল। এরপর ৪৫ বলে ৫৯ রানের জুটিতে দলকে টানেন রোহিত ও কুশাল মাল্লা।
পরপর দুই ওভারে ফেরেন দুজনই। ২টি করে চার ও ছক্কায় ২১ বলে ৩০ রান করেন মাল্লা। ৩ চার ও এক ছক্কায় গড়া রোহিতের ৩৮ রানের ইনিংস।
পরে গুলসান ঝা (১৬ বলে ২২) ও দিপেন্দ্রা সিং আইরির (১৯ বলে ১৭) অবদানে দেড়শর কাছে যেতে পারে নেপাল।
এক ওভারে তিনটিসহ ২০ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। অভিষিক্ত নাভিন বিদেইসির শিকার ৩টি।
রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৭৬ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। তাদের ইনিংসে বিশোর্ধো ইনিংস কেবল একটি। বিদেইসি একটি করে চার ও ছক্কায় ২২ রান করে দলকে একশর কাছাকাছি নিয়ে যান।
টি-টোয়েন্টি অভিষিক্ত আমির জাঙ্গু ফেরেন ২২ বলে ১৯ রান করে। ১৪ বলে ১৯ রান করেন ফাবিয়ান অ্যালেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে কেবল একটিই আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল নেপাল। ২০২৩ সালে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ১০১ রানে হেরেছিল তারা।
সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল: ২০ ওভারে ১৪৮/৮ (ভুর্তেল ৬, আসিফ ৩, রোহিত ৩৮, মাল্লা ৩০, ঝা ২২, দিপেন্দ্রা ১৭, জরা ৯, কামি ৬*, কারান ০, নান্দান ৭*; আকিল ৪-০-১৮-১, হোল্ডার ৪-০-২০-৪, সিমন্ডস ২-০-২৫-০, অ্যালেন ২-০-১৯-০, ম্যাককয় ৪-০-৩৭-০, বিদেইসি ৪-০-২৯-৩)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৯ (মেয়ার্স ৫, জাঙ্গু ১৯, ওগিস ১৫, অ্যান্ড্রু ৫, কার্টি ১৬, বিদেইসি ২২, হোল্ডার ৫, অ্যালেন ১৯, আকিল ১৮, ম্যাককয় ০*; দিপেন্দ্রা ৩-০-২০-১, কারান ৩-০-১৭-১, নান্দান ১-০-৬-১, কামি ৪-০-৪৩-০, রাজবানশি ২-০-৬-১, রোহিত ৩-০-২০-১, ভুর্তেল ৪-০-১৭-২)
ফল: নেপাল ১৯ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে নেপাল
ম্যান অব দা ম্যাচ: রোহিত পাউড়েল


















