ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ন

আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শনে উপদেষ্টা আলী ইমাম মজুমদার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতার খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নির্ধারিত সময়ে গুদাম নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন উপদেষ্টা।

প্রকল্প সূত্রে জানা গেছে, ‘দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় তিনটি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকা। আগামী বছরের জুলাই মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “আনোয়ারায় বর্তমানে এক হাজার মেট্রিকটন ধারণক্ষমতার একটি খাদ্য গুদাম রয়েছে। নতুনভাবে আরও ৫০০ মেট্রিকটনের একটি গুদাম নির্মিত হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। আশা করি আগামী জুন মাসেই এটি শেষ হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস. এম. কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ