সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাদের মোট ব্যাগ চাহিদার ৫০ শতাংশ মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিসিআইসি’র মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. সাইফুল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিষ্ঠানটিকে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, বিসিআইসি এখন থেকে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং পলিথিন (পিই) ব্যাগের ৫০ শতাংশ সরাসরি মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে সংগ্রহ করবে।
প্রসঙ্গত, মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০১৫ সালের ৯ জুলাই শিল্প মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে আবেদন করেছিল। দীর্ঘ সময় পর সেই আবেদনের ভিত্তিতেই এ অনুমোদন প্রদান করা হলো।

তবে বিসিআইসি তাদের চিঠিতে একটি শর্তও স্পষ্ট করেছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ যদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যাগ সরবরাহে ব্যর্থ হয়, তবে প্রতিষ্ঠানটি অন্য কোনো উৎস থেকে ব্যাগ কেনার স্বাধীনতা বজায় রাখবে। সংশ্লিষ্টদের মতে, সরবরাহের নিশ্চয়তা দিতেই এই শর্ত সংযুক্ত করা হয়েছে।


















