চলতি এশিয়া কাপে ফাইনালের পথে এবার সবচেয়ে বড় বাধার মুখে বাংলাদেশ। সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ টাইগারদের প্রতিপক্ষ আসরের একমাত্র অপরাজিত দল ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি- স্পোর্টস ও নাগরিক টিভি।
হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।
এবার ভারতকে হারাতে পারলে ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ভারতের বিপক্ষে এগিয়ে থেকে খেলতে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা বোলিং পারফরমেন্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা।

পাশাপাশি এই সপ্তাহে দুবাইয়ে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ হওয়ায় উইকেট ধীর গতির হবার আশা করা হচ্ছে। তাতে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা বাড়বে বাংলাদেশের।
এছাড়া টস জিতলেও এগিয়ে থাকবে বাংলাদেশ। কারণ রান তাড়া করে দু’টি ম্যাচ জিতেছে টাইগাররা। তাই টস জয়কে ভাগ্যবান প্রমাণ করেছেন অধিনায়ক লিটন দাস।
টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দু’বার সহ চারটি ম্যাচ জিতেছে ভারত। কিন্তু এমন পরিসংখ্যানে চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যেকোন দলের কাছে হারতে পারে ভারত।
ভারত ম্যাচকে সামনে রেখে সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কি করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি।’
তিনি আরও বলেন, ‘সাড়ে তিন ঘন্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলব এবং ভারতের পরিকল্পনা ভেস্তে দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ার কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে সংশয় নেই। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। ৪ ইনিংসে ১১৯ রান করেছেন তিনি।


















