যুক্তরাষ্ট্রে একটি ভয়াবহ সামরিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির সেনাবাহিনীর চার সদস্য। ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এ ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের চারজন সদস্য মারা যান।
এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে। এমএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়নের সময় হঠাৎ করেই এর সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়। কেন এটি ঘটেছে, তা এখনো তদন্তাধীন।
মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট চারজন সেনা সদস্য ছিলেন। তারা সবাই ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য ছিলেন, যাদের বিশেষায়িত প্রশিক্ষণ ও মিশন পরিচালনার জন্য পরিচিত। দুর্ঘটনায় চারজনই ঘটনাস্থলেই নিহত হন।
বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, এ দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে শনিবার (২০ সেপ্টেম্বর)। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হয়নি।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই ক্ষতি শুধু পরিবারগুলোর নয়, বরং পুরো সেনাবাহিনীর জন্য এক বিশাল শোকের বিষয়। সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক আগে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খুব দ্রুত সবকিছু ঘটে, আর কয়েক মুহূর্তের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি


















