জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।
সফরসূচি অনুযায়ী, তিনি আগামীকাল ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। অধিবেশনে তিনি ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন এবং আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার এ সফরে তার সঙ্গে রয়েছেন চার রাজনৈতিক নেতা— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা গত এক বছরে দেশে গৃহীত সংস্কার কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।
এ ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে আয়োজিত ‘হাই-লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিজ ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন।



















