বাবার পাশের ডানহাতি পেসার এবাদত হোসেন-ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
অনেক দিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন ডানহাতি পেসার এবাদত হোসেন চৌধুরী। এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার। এর মাঝেই বাবা হারালেন এই টাইগার পেসার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অসুস্থ বোধ করছিলেন এবাদতের পিতা। এরপর তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, দীর্ঘ দিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন এবাদতের বাবা। নিয়মিত তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। তার ফলে শারীরিকভাবে অনেকটা সুস্থ্যও ছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করেন। এসময় এবাদতই তাকে নিয়ে সিলেটের হাসপাতালে নিয়ে যান। তবে শেষমেশ তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এবাদত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনো কল্পনা করিনি। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এদিকে আজ শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।