সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে দুই কোম্পানিকে ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানি দুইটি হচ্ছে: জেনেক্স ইনফোসিস লিমিটেড ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিএসইসি’র ৯৭৩তম কমিশন সভার পর এই সিদ্ধান্ত জানানো হয়।
বিএসইসি জানায়, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ে সোনালী পেপারের শেয়ার লেনদেনে আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। তদন্তে উঠে আসে, এই অনিয়মের সঙ্গে জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
এই কারসাজির জন্য জেনেক্স ইনফোসিসের ৯ পরিচালককে প্রত্যেককে ১ কোটি ৩ লাখ টাকা করে মোট ৯ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার শিকার পরিচালকরা হলেন: টি.আই.এম নুরুল কবির (চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক), প্রিন্স মজুমদার (ভাইস চেয়ারম্যান), শাহ জালাল উদ্দিন (ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও), চৌধুরী ফজলে ইমাম (পরিচালক), হাসান শহিদ সরওয়ার (ওরাকল সার্ভিস লিমিটেডের মনোনীত পরিচালক), মোহাম্মদ আদনান ইমাম (পরিচালক), নিলোফার ইমাম (পরিচালক), রোকেয়া ইসলাম (স্বতন্ত্র পরিচালক), এবং জাহরুল সাঈদ বখত (স্বতন্ত্র পরিচালক)। একই ঘটনায় জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



















