ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

পাকিস্তানের বড় জয়, সুপার ফোরে নিশ্চিত

দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচে ছোট রান তাড়া করতে নেমে হোঁচট খেল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আনপ্রেডিক্টেবল পাকিস্তান শেষ পর্যন্ত ৪১ রানের বড় জয় তুলে নিয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে সুপার ফোর নিশ্চিত করেছে।

এই হারে বিদায় নিলো আরব আমিরাত।

পাকিস্তানের সংগ্রামমুখর ব্যাটিং

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে আউট হলে চাপে পড়ে দল। এরপর শাহিবজাদা ফারহান (৫) দ্রুত ফিরে গেলে ৯ রানে দুই উইকেট হারায় পাকিস্তান।

তৃতীয় উইকেটে ফখর জামান ও সালমান আগা ৫১ বলে ৬১ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। তবে ফিফটি করেই সাজঘরে ফেরেন ফখর (৩৬ বলে ৫০)। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ঝোড়ো ব্যাটিংয়ে (১৪ বলে অপরাজিত ২৯) ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে পাকিস্তান।

আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি দুর্দান্ত বোলিং করে ১৮ রানে ৪ উইকেট নেন। সিমরানজিত সিং শিকার করেন ৩ উইকেট।

আমিরাতের ব্যাটিং ধস

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভারে ১৯ রান তুলে ভালো সূচনা করেছিল আমিরাত। তবে শাহিন আফ্রিদির দুর্দান্ত বলে আলিশান শরাফু (১২) বোল্ড হলে শুরু হয় উইকেট পতনের ধস।

পাওয়ার প্লেতে মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারানো স্বাগতিক দলকে মাঝপথে আশা দেখান ধ্রুব পারেশার ও রাহুল চোপড়া। তারা ৫১ বলে ৪৮ রানের জুটি গড়লেও দলকে জয়ী করতে পারেননি। ৩৫ বলে ৩৫ রানে ব্যাট করা রাহুলকে ফেরান পাকিস্তান অধিনায়ক সালমান আগা।

শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় আমিরাত।

বোলারদের সাফল্য

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে পাকিস্তান নিশ্চিত করলো এশিয়া কাপের সুপার ফোরে জায়গা, অন্যদিকে বিদায় নিতে হলো স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ