পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট পিএলসি-র দুই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অ্যারামিট গ্রুপ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে দুদকের একটি টিম তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।
গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা হলেন:মো. আব্দুল আজিজ – সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আরামিট পিএলসি,উৎপল পাল – হিসাব বিভাগের এজিএম আরামিট পিএলসি।
দুদক জানায়, আব্দুল আজিজ মামলার এজাহারভুক্ত আসামি। আর উৎপল পালের বিরুদ্ধে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের ২৪ জুলাই, দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, ভাই-বোন, এবং প্রতিষ্ঠানের মোট ৩১ জন কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করা হয়।

দুদক বলছে, ২০১৯-২০ সালের মধ্যে, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় জাবেদ ও তার পরিবারের সদস্যরা পাঁচটি নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকার একটি ‘টাইম লোন’ নেওয়া হয়।
ঋণ মঞ্জুরের পর সেই টাকা বাকি চারটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ভাগ করে স্থানান্তর করা হয় এবং পরে তা পাচার করা হয়।
উল্লেখযোগ্যভাবে, আব্দুল আজিজের নামে খোলা “ইম্পেরিয়াল ট্রেডিং” নামের একটি প্রতিষ্ঠানে এ টাকার অংশ স্থানান্তর হয়।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪-২০১৮ পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯-২০২৩ পর্যন্ত পূর্ণমন্ত্রী ছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচন-পূর্ব সময়ে তার বিরুদ্ধে বিদেশে সম্পদ গড়ার অভিযোগ ওঠে।


















