জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। একই সঙ্গে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং এক কর পরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, কর অঞ্চল-১৬-এ কর্মরত যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার বিবেচনা করেছে। তিনি সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অবসরপ্রাপ্ত হবেন এবং সকল সুবিধা পাবেন।
অন্যদিকে, গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত আদেশে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ অভিযোগ আনা হয়েছে। বরখাস্তকালে তাকে গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রদান করা হবে।
সর্বশেষ, এনবিআরের অভ্যন্তরীণ প্রজ্ঞাপনে ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর পরিবর্তনের তথ্যও নিশ্চিত করা হয়েছে।