্রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর)। এদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
এর আগ পর্যন্ত ১৪ জনপ্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রাকসুতে ১১ জন ও সিনেটে তিন জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনগুলোয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণনা ও ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত নয়টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত ‘আবীর-জীবন-এষা’ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১’, ‘অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।