ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ন

গণছুটি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পল্লী বিদ্যুতের কর্মীদের

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এবং বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে গণছুটি কর্মসূচি স্থগিত করেছেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের প্রতি আস্থা রেখে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ২০২৪ সালের জানুয়ারি থেকে আরইবি ও পিবিএস সংস্কারের মাধ্যমে গ্রাম ও শহরের বিদ্যুতের বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে আসছেন। দীর্ঘ সময়ের আন্দোলনের পরও বিভিন্ন সময়ে গঠিত সরকারি কমিটি আরইবির অসহযোগিতার কারণে কার্যকর হয়নি। কর্মীরা অভিযোগ করেছেন, আরইবির দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই মামলা, চাকরিচ্যুত, বরখাস্ত, সংযুক্তি ও অন্যান্য দমন-পীড়নের শিকার হতে হয়েছে।

মাহবুবুর রহমান জানান, আন্দোলনের কারণে এ পর্যন্ত ১৭২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ কর্মকর্তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড, ৪০ জনের চাকরিচ্যুত, ৮৭ জন বরখাস্ত বা সংযুক্ত এবং ৬,৫০০ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এছাড়া গত ১৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আটজনকে বিনা নোটিশে চাকরিচ্যুত এবং ২৮ জনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

সংকট সমাধানের জন্য চার দফা দাবিতে ৩১ আগস্ট থেকে পাঁচ দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হলেও সমস্যা সমাধান না হওয়ায় ৭ সেপ্টেম্বর থেকে গণছুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাস ও আলোচনা কার্যক্রমের ভিত্তিতে কর্মীরা পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ