ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

নেপালে জেনারেশন জি-এর আন্দোলন তীব্র, পার্লামেন্টে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনারেশন জেডের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ দিন দিন তীব্র আকার ধারণ করেছে। আন্দোলন অনলাইন থেকে সড়কে এসে পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে অন্তত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার রাজধানীতে কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

নেপালের তরুণরা সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে। এই বিক্ষোভ সোমবার (৮ সেপ্টেম্বর) শুরু হয়। বিক্ষোভকারীরা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণকে মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা হিসেবে দেখছেন। এছাড়া দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করছে।

কাঠমান্ডুর নিউ বানেশ্বর এবং ঝাপার দমক শহরে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে ঢুকেছে। পুলিশ ও সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। এতে অন্তত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা জাতীয় পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ শুরু করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়েছে। ছাত্রী যুজন রাজভান্ডারী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হওয়াই একমাত্র কারণ নয়; তারা নেপালের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। অন্য ছাত্রী ইক্ষমা তুমরোক বলেন, তারা সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে পরিবর্তন চায়।

নিষেধাজ্ঞার পর থেকে সাধারণ নাগরিকরা সরকারের কর্মপদ্ধতি ও রাজনৈতিক নেতাদের বিলাসবহুল জীবনধারার তুলনামূলক ভিডিও অনলাইনে ভাইরাল করছে। সরকার দাবি করেছে, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নেপালে এর আগেও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্সেস সীমিত করা হয়েছে। জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে জুলাই মাসে টেলিগ্রাম বন্ধ করা হয়েছিল। তবে পরে নেপালি নিয়ম মেনে চলার পর টিকটকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তথ্যসূত্র : কাঠমান্ডু পোস্ট

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ