ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রে তাদের সেনারা যে অস্ত্র ব্যবহার করছে তার প্রায় ৬০ শতাংশই দেশেই তৈরি।
শনিবার রাতে এক ভিডিও ভাষণে তিনি জানান, দুই মাস আগে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর যে লক্ষ্য নেওয়া হয়েছিল, তা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। ‘যুদ্ধের মধ্যে ইউক্রেইন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে সেনাদের হাতে থাকা অস্ত্রের প্রায় ৬০ শতাংশই ইউক্রেইনের তৈরি। এগুলো শক্তিশালী এবং আধুনিক বৈশিষ্ট্যসমৃদ্ধ’, বলেন জেলেনস্কি।
ইউক্রেনের স্বাধীনতার পর এত বিপুল দেশীয় অস্ত্র ব্যবহারের নজির আর নেই বলে উল্লেখ করেন তিনি।
প্রেসিডেন্ট আরও জানান, ডেনমার্কের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির প্রকল্পও এগিয়ে চলছে। জুলাইয়ে মন্ত্রিসভায় রদবদলের পর তিনি নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অন্তত অর্ধেক অস্ত্র দেশেই তৈরি হতে হবে।
কিইভ এখন ড্রোন উৎপাদন এবং রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা জোরদারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খরচ কম ও কার্যকর হওয়ায় ইউক্রেইন ‘ইন্টারসেপ্টর ড্রোন’ তৈরিতে আরও মনোযোগী হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।



















