ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১:২০ অপরাহ্ন

৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ, গেজেট প্রকাশ করল ইসি

৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

সীমানা পুনঃনির্ধারণে গাজীপুরে নতুন একটি আসন যোগ হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। ফলে গাজীপুরে নতুন আসন হলো গাজীপুর-৬। আর বাদ পড়েছে বাগেরহাট-৪ আসন। ওই আসনের অন্তর্গত মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা এখন থেকে বাগেরহাট-৩ আসনের সঙ্গে যুক্ত থাকবে।

ইসি জানিয়েছে, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ২৫৪টি আসনের সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বাকি ৪৬টি আসনে পরিবর্তন এসেছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “খুব সুচারুভাবে বিশেষায়িত কমিটি দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চূড়ান্ত সীমানা নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার আর কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “সবচেয়ে জটিল কাজটি শেষ হওয়ায় এখন অন্যান্য প্রস্তুতি দ্রুত শেষ হবে। সংসদীয় এলাকা চূড়ান্ত হওয়ায় সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের কার্যক্রম গুছিয়ে নিতে পারবেন।”

যেসব আসনের সীমানা পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে—

পঞ্চগড়-১ ও ২, রংপুর-১ ও ৩; সিরাজগঞ্জ-১ ও ২; পাবনা-১ ও ২; বাগেরহাট-১, ২ ও ৩; সাতক্ষীরা-২, ৩ ও ৪; মানিকগঞ্জ-২ ও ৩; ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; ফরিদপুর-২ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ৬ ও ১০; নোয়াখালী-১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম-৭ ও ৮।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের খসড়া প্রকাশ করেছিল। সে সময় খসড়ায় ঢাকা-৩, কুমিল্লা-৯, ঢাকা-১৯ ও সিলেট-১ এর সীমানায় পরিবর্তন আনা হলেও, আপত্তি-সুপারিশের পর আসনগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হয়।

খসড়া তালিকা প্রকাশের পর ৮৪ আসনে মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। গত ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনব্যাপী শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।

ইসি বলছে, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার আসনের সীমানায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ