ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন

মেট্রোরেলের কার্ডে ১৮ টাকার কম থাকলে এন্ট্রি করা যাবে না

রাজধানী ঢাকার নাগরিকদের স্বস্তি দিতে যানজটকে পিছনে ফেলে ছুটে চলেছে স্বপ্নের মেট্রোরেল। রাজধানীবাসীর যাতয়াতে অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে এখন মেট্রোরেল। তবে এখন থেকে র‌্যাপিড (Rapid)ও এমআরটি (MRT Pass) কার্ডে ন্যূনতম ১৮ টাকা ব্যালেন্স না থাকলে মেট্রো রেলে এন্ট্রি করা যাবে না। মেট্টোরেল কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়েছে।

আগে কার্ডে শূন্য টাকা টাকা ব্যালেন্স থাকলেও ভ্রমণ শুরু করা যেতো এবং বের হওয়ার সময় রিচার্জ করলেই হতো। অর্থাৎ, নতুন নিয়ম অনুযায়ী কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স ছাড়া ভ্রমণ করা সম্ভব হবে না।

নতুন নিয়মে কার্ড রিচার্জের সময় ন্যূনতম ১০০ টাকা লাগবে। এর নিচে রিচার্জ করা যাবে না।

প্রসঙ্গত, এমআরটি পাস কার্ডে অতিরিক্ত টাকা রিচার্জ করলে তা আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। কারণ, কার্ড হারিয়ে গেলে বা ব্ল্যাকলিস্টেড হলে বর্তমানে এমআরটি এর রিপ্লেসমেন্ট বা রি-ইস্যু সেবা বন্ধ রয়েছে। কবে এটি চালু হবে, সে বিষয়েও কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা দিতে পারছেনা।

অন্যদিকে মেট্রোরেলে যাত্রীর চাপ সব বেশি থাকে। মতিঝিল থেকে ছেড়ে আসা মেট্রোরেলে শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেটের যাত্রীরা ভিড় বেশি থাকায় উঠতে পারে না। আবার মধ্যবিত্তের নাগালের বাইরে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা ভাড়া ১০০ টাকা। সেখানে বাস ভাড়া ৪০ টাকা। দ্বিগুণ খরচ করে মধ্যবিত্তরা প্রতিদিন যাতয়াত করতে পারেন না।

সবগুলো কাউন্টারে দীর্ঘ লাইন, ট্রেনের জন্য অপেক্ষা, সবশেষে গাদাগাদি করে যাত্রা। দিনকে দিন যাত্রীর চাপ বাড়লেও বাড়েনি মেট্রোর কোচ সংখ্যা। উদ্বোধনের সময় ছয়টি বগি নিয়ে যাত্রা করে মেট্রো। তবে কথা ছিল মেট্রো ছুটবে ৮ বগি নিয়ে কিন্তু ৬ বগিতেই আটকে আছে সাধের এই যান।

যাত্রীদের দাবি, ট্রেন কিংবা কোচ সংখ্যা বাড়ালে আরও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন তারা।

ঢাকার মেট্রোরেলে যাত্রী চলাচলের পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি যাত্রী ওঠে মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে। চালুর পর থেকে এখন পর্যন্ত এই স্টেশন দিয়ে যাতায়াত করেছে এক কোটিরও বেশি যাত্রী। অন্যদিকে সবচেয়ে কম যাত্রী ব্যবহার করেছে উত্তরা দক্ষিণ স্টেশন।

বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় ৪ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করে। ট্রেনগুলো দিনে প্রতি ৮ থেকে ১০ মিনিট পরপর ছাড়ে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ