আগের দিনের বড় উত্থানের পর সোমবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৪ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৫ কোটি ২৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ২৪৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















