আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। রাতের আঁধারে আঘাত হানা এই ভূমিকম্প স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩১ আগস্ট) গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০ এবং এটি স্থানীয় সময় গভীর রাতে অনুভূত হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ, যেখানে আফগান তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে অন্তত ২৫০ জনের মৃত্যু ও ৫০০ জনের বেশি আহত হওয়ার খবর। ভূমিকম্পের পর উদ্ধারকাজ শুরু হয়েছে এবং স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের সহায়তায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে কাজ চালিয়ে যাচ্ছে।
ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ওই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার একটি ছিল ৫.২ মাত্রার। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের নিকটবর্তী আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে বহু বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, “দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।” যদিও তিনি নিহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, বাসিন্দারা এবং বিভিন্ন প্রদেশ থেকে আসা উদ্ধারকারী দল একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে।

মুজাহিদ জোর দিয়ে বলেছেন, প্রাণ রক্ষায় এবং দুর্গতদের সহায়তায় সরকার সব ধরনের সম্পদ ব্যবহার করবে। কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে সহায়তা পাঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তথ্যসূত্র : টিআরটি ওয়ার্ল্ড


















