ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন

অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল-জরিমানা

অনলাইনে পণ্য বিক্রিতে প্রতারণা রোধে কঠোর আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে ‘ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশ’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনলাইনে ভুয়া তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড এবং অনাদায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে উপস্থাপন করা হয়েছে। তিনি শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করবেন। এরপর যাবে ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত কমিটি’র বৈঠকে। অনুমোদন পেলে গঠন করা হবে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ।

খসড়ায় বলা হয়েছে, অনলাইনে পণ্য বা সেবা বিক্রির ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান, নির্ধারিত সময়ে ডেলিভারি না করা কিংবা নিষিদ্ধ পণ্য বিক্রি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বিক্রেতাদের।

মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি: ২ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।

ডেলিভারি বিলম্ব: নির্ধারিত সময়ের মধ্যে পণ্য বা সেবা সরবরাহ না করলে মূল্যের কয়েক গুণ পর্যন্ত জরিমানা।

এছাড়া অনুমতি ছাড়া ডিজিটাল বা গিফট কার্ড, ওয়ালেট ও ক্যাশ ভাউচার চালু করা যাবে না। লঙ্ঘন করলে জরিমানা গুনতে হবে। আবার অনলাইন প্ল্যাটফর্মে লটারির আয়োজন করলে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

অধ্যাদেশে বলা হয়েছে, ডিজিটাল বাণিজ্যের প্রসার, শৃঙ্খলা রক্ষা, বাণিজ্য-বিরোধ নিষ্পত্তি এবং প্রতারণা প্রতিরোধের দায়িত্ব পালন করবে এ কর্তৃপক্ষ।

এছাড়া তারা নজরদারি করবে—

পরিবেশের জন্য ক্ষতিকর ও আমদানি নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে কি না,

ওষুধপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বিক্রি হচ্ছে কি না,

অসত্য বা অতিরঞ্জিত বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে কি না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ