রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শেকৃবি শিক্ষার্থীরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বৈঠক বাতিল করতে হয়।
সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দূতাবাসের পক্ষ থেকেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।