রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযানে মাদককারবারি ও গোয়েন্দা কর্মীর ওপর হামলায় জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে শুরু হয় এ অভিযান। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এর আগে দুপুরে ক্যাম্পে চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতি টের পাওয়া যায়।
গোয়েন্দা কার্যক্রমের সময় সোহেল ও তার সহযোগীরা এক গোয়েন্দা সদস্যের ওপর হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে সেনা টহল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং সেখান থেকে কয়েকজনকে আটক করে।
রাত আটটার দিকে পুনরায় পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় পাঁচ হাজার ছয়শত ষাট পিস ইয়াবা, পাঁচশত গ্রাম গাঁজা, তিনটি সামুরাই তলোয়ার, দুটি চাপাতি এবং মাদক বিক্রির নগদ পঁইতাল্লিশ হাজার টাকা। এ সময় আরও চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারির অভিযোগ রয়েছে মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমানের (৩১) বিরুদ্ধে।
এছাড়া গোয়েন্দা সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত হিসেবে আটক করা হয়েছে সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) এবং শেখ গোলাম জেলানি (৬৮)-কে। জেলানি মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, বুনিয়া সোহেলকে ধরার চেষ্টা করা হলেও তিনি পালিয়ে যান। তবে দুটি অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় পাঠানো হবে।