ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ২:২৭ অপরাহ্ন

দাঙ্গা মামলায় পিটিআইয়ের ৫৯ নেতাকে ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ৫৯ জন শীর্ষস্থানীয় নেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। ফয়সালাবাদের সন্ত্রাসবিরোধী আদালত সোমবার (২৫ আগস্ট) এই রায় ঘোষণা করে।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওমর আইয়ুব, শিবলি ফারাজ এবং জারতাজ গুল-এর মতো প্রভাবশালী নেতারা। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে সংঘটিত দাঙ্গার সময় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা রানা সানুল্লাহর বাসভবনে হামলা চালানোর অভিযোগ ছিল।

দ্য ডন-এর প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সামনাবাদ থানায় করা মামলায় মোট ১০৯ জন আসামি ছিলেন। এদের মধ্যে ৭৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, এবং ৩৪ জনকে খালাস দেওয়া হয়েছে। একই ঘটনায় শেখ রশিদ জাভেদসহ অন্যান্য পিটিআই কর্মীদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রায় ইমরান খানের প্রতিষ্ঠিত পিটিআই দলের চলমান আইনি জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে। ৯ মের দাঙ্গার ঘটনায় এর আগেও অনেক নেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক নেতাকর্মী বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

চলতি মাসের শুরুতে লাহোরের একটি আদালত পিটিআইয়ের ড. ইয়াসমিন রশিদ, সিনেটর ইজাজ চৌধুরী, মিয়ান মাহমুদ উর রশিদ এবং পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমাসহ আরও অনেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। গত সপ্তাহে ইমরান খানের ভাগনে শেরশাহ এবং শাহরেজকে ৯ মের দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ মে দুর্নীতির একটি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) থেকে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তার করার পর তার হাজার হাজার সমর্থক দেশজুড়ে সহিংস প্রতিবাদ শুরু করে। তারা লাহোরের কর্পস কমান্ডার হাউস এবং রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরসহ সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এই ঘটনার পর অনেক পিটিআই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে কিছু সংখ্যক জামিনে মুক্তি পেলেও অনেকে এখনও কারাগারে আছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ