পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ২১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকটির জালিয়াতির মাধ্যমে সাড়ে ৮০০ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেছে দুদক।
রোববার (১৭ আগস্ট), দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান আসামিরা হলেন- মোজাম্মেল হোসাইন, মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক ও ঋণগ্রহীতা। নজরুল ইসলাম মজুমদার, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান।নাসরিন ইসলাম, নজরুলের স্ত্রী ও সাবেক পরিচালক। মো. নজরুল ইসলাম স্বপন, বর্তমান চেয়ারম্যান ও সাবেক পরিচালক।
একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী ও শাখা ব্যবস্থাপক, মোট ২১ জন।
অভিযোগের বিবরণ: এজাহারে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে মোজাম্মেল হোসাইন অসাধু উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন। এই প্রক্রিয়ায় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যোগসাজশে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নিয়ম ভঙ্গ করে ঋণ অনুমোদন দেন।
পরবর্তীতে এই ঋণ খেলাপি হয়ে যায়, যার ফলে ব্যাংকটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং সরকারের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়।