সকাল থেকে রোদের দেখা মিললেও ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটি বলছে, আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আকাশ।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আরো বলা হয়েছে, এ সময় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।
আরেক পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



















