টি-টোয়েন্টি সিরিজে দীর্ঘ আট বছরের জয়খরা কাটানোর পর ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে সাফল্যের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটে জয় পায় শাই হোপের দল। ২০১৯ সালের পর এটি ক্যারিবীয়দের প্রথম ওয়ানডে জয় পাকিস্তানের বিপক্ষে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১। রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের ব্যাটে ১০ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে হাসান নওয়াজের ব্যাট থেকে। হুসাইন তালাত করেন ৩১ রান, দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ২৬ ও সাইম আইয়ুব করেন ২৩ রান। আর কেউ বিশের ঘরেও যেতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে নেন ৩ উইকেট।
রোহিতের জায়গায় ভারতের ওয়ানডের নেতৃত্বে আসছেন শুবমান গিল!রোহিতের জায়গায় ভারতের ওয়ানডের নেতৃত্বে আসছেন শুবমান গিল!
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১২ রানে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইসকে ফিরিয়ে দেন হাসান আলী। এরপর কিসি কার্টিও ৪৮ রানে আউট হলে চাপ বাড়ে। তবে অধিনায়ক হোপ ও রাদারফোর্ড মিলে ৫৪ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। হোপ ৩৫ বলে ৩২ ও রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ রান করেন। অবশ্য রোস্টন চেজ ৪৭ বলে অপরাজিত ৪৯ ও গ্রিভস ৩১ বলে অপরাজিত ২৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরা হয়েছেন রোস্টন চেজ।