বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ২৫৯.৫৬ পয়েন্ট বা ৫.০৬ শতাংশ। ডিএসইর লেনদেন আর বাজার মূলধনেও নতুন রেকর্ড তৈরী হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪০৮ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮৮৯ কোটি ১০ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৫৯ দশমিক ৫৬ পয়েন্ট বা ৫ দশমিক ০৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫৩.১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ৫২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১৪৪টির এবং অপরবর্তিত রয়েছে ৩৫টির।
গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি ১ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে ২ দশমিক ৯৮ শতাংশ বা ২০ হাজার ৫০৮ কোটি ৭২ লাখ টাকা।


















