মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ইন্টার মায়ামির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা।
ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না এই দুই অভিজ্ঞ খেলোয়াড়।
এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি অল-স্টার দলে জায়গা পেয়ে চোট ছাড়া ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে তাকে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়। মেসি ও আলবা দুজনেই প্রাথমিক দলে থাকলেও অল-স্টার ম্যাচে খেলেননি এবং তাদের ইনজুরির খবরও ছিল না।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল এমএলএস অল-স্টার একাদশ। তবে ইন্টার মায়ামি থেকে কেবল মেসি ও আলবা দলে ডাক পেলেও তারা ম্যাচে অংশ নেননি।
মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মেসি ক্লান্ত থাকলেও সুস্থ আছেন এবং দলের অনুশীলনে ফিরেছেন। তাই তাদের খেলার বিষয়ে আশাবাদী ছিলেন তিনি। তবে সেই আশায় পানি ঢেলে কয়েক ঘণ্টার মধ্যেই আসে নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা।
এমএলএসের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ১৭ ম্যাচে করেছেন ১৮ গোল, যা যৌথভাবে সর্বোচ্চ। এছাড়া তার অ্যাসিস্টের সংখ্যা ১০টি। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে তিনি খেলেছেন ৬ ম্যাচ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে আরও ৪টি ম্যাচে অংশ নিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।