ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দিনভর চালানো বিমান হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১১০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান হামলায় এ পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।

২০২৩ সালের অক্টোবরের হামলায় হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং আরও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর জবাবে ইসরাইল ওই দিন থেকেই গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে।

১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে তেলআবিব। তবে যুদ্ধবিরতির দুই মাস শেষ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে পুনরায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।

দ্বিতীয় দফার অভিযানে গত আড়াই মাসে আরও ৭ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৭ হাজার ৯৯৩ জন।

হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধারের পরিকল্পনা রয়েছে।

গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। খাদ্য, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের অভাবে সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ