ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফল ঘোষণাকে কেন্দ্র করে এ হামলা হয় বলে দাবি করেছেন মির্জা ফয়সল আমিনের সঙ্গে থাকা লোকজন।
ফয়সল আমিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
বালিয়াডাঙ্গী থানার ওসি মো. শওকত আলী সরকার বলেন, শনিবার রাত ৯টার দিকে সমীর উদ্দীন কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ফয়সল আমিনের সফরসঙ্গী মো. রাশেদ বলেন, শান্তিপূর্ণভাবেই সম্মেলন চলছিল। শেষদিকে ফল ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে একটি পক্ষের লোকজন হামলা চালায়।
“ভাইয়া (মির্জা ফয়সল আমিন) যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই অতর্কিত হামলা হয়। আমার গাড়িটিও ভাংচুর করা হয়েছে।”
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মির্জা ফয়সল আমিনকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হচ্ছে। তিনি দ্রুত গাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে হামলাকারীরা গাড়িতেও ভাংচুর চালায়।
ওসি শওকত আলী বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাড়িতে উঠতে গেলে তার ওপর হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
“আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনও চিহ্নিত করা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি।”