রাজধানীর ঐতিহাসিক মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে প্রকাশ্যে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি দেশজুড়ে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে দেওয়া এক বিবৃতিতে ফখরুল বলেন, প্রকাশ্য দিবালোকে একজন সাধারণ নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি শুধু একটি প্রাণনাশের ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি ভয়াবহ দৃষ্টান্ত। এই ধরনের ঘটনা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং তা বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর করছে বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের মূল ফটকে সোহাগ নামের এক ব্যবসায়ীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা দেশবাসীর বিবেককে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, এই নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে এখন কোনো নাগরিকই নিরাপদ নয়। বিএনপি নেতা আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক আদর্শ ও নীতির সঙ্গে সন্ত্রাস ও সহিংসতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক না কেন, সে কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না।’
তিনি আরও উল্লেখ করেন, “জুলাই-আগস্টে যেভাবে গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর উল্লিখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, “এই ঘটনার একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”