রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ
দগ্ধরা হলেন—রিপন (৪০), তার স্ত্রী চাঁদনি (৩৫), ছেলে তামিম (১৮), রোকন (১৪) ও দেড় বছরের কন্যা আয়শা।
রিপনের মামা জাকির হোসেন জানান, পরিবারটি সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া থাকত। রাতে ঘুমের মধ্যে হঠাৎ বাসায় বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হন এবং ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। আশপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ এবং আয়শার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক।