অভিবাসীদের গ্রেপ্তার ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। এই ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক পদক্ষেপের সমালোচনা করছেন অনেকেই, এমনকি ট্রাম্প প্রশাসনের অন্তর্ভুক্তরাও। সমালোচকদের তালিকায় রয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এবার সেই নিউসমকেই গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প নির্দেশ দিয়েছেন সেখানে অতিরিক্ত ২ হাজার ন্যাশনাল গার্ড এবং ৭০০ মেরিন সেনা মোতায়েনের। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন গভর্নর নিউসম। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছেন, নিউসম সহ যাঁরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না তিনি।
লস অ্যাঞ্জেলসে অভিবাসন নীতির বিরোধিতায় রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী। তারা বিভিন্ন রাস্তা অবরোধ করার পাশাপাশি একাধিক গাড়িতে আগুন লাগিয়েছে। ট্রাম্প বলেন, “ন্যাশনাল গার্ড মোতায়েন না করলে লস অ্যাঞ্জেলস পুরোপুরি ধ্বংস হয়ে যেত।” তিনি আরও বলেন, “প্রয়োজনে ক্যালিফোর্নিয়ার গভর্নরকেও গ্রেপ্তার করা হবে।”
ট্রাম্প দাবি করেন, “বিক্ষোভকারীরা আসলে প্রতিবাদকারী নয়, তারা হচ্ছে দাঙ্গাকারী ও বিদ্রোহী। লস অ্যাঞ্জেলেসে সৃষ্ট পরিস্থিতির জন্য গভর্নর নিউসম ও মেয়রের উচিত বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়া।”
অন্যদিকে গভর্নর নিউসম সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের মন্তব্যের কঠোর জবাব দেন। তিনি লেখেন, “আমি কখনও ভাবিনি এমন দিন আমেরিকায় দেখতে হবে। আপনি ডেমোক্র্যাট হন বা রিপাবলিকান, তাতে কিছু আসে যায় না। জাতি হিসেবে আমরা এই সীমা অতিক্রম করতে পারি না। কারণ এটি কর্তৃত্ববাদের স্পষ্ট পদক্ষেপ।”



















