যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (৭ জুন) প্যারামাউন্ট শহরের একটি শিল্প পার্কের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফেডারেল এজেন্টরা কাঁদানে গ্যাস ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে।
হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিক্ষোভকে ‘হিংসাত্মক বিদ্রোহ’ হিসেবে আখ্যা দিয়েছেন। খবর: বিবিসি
শুক্রবার (৬ জুন) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করে। এর পরপরই অভিবাসন নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
শনিবারের বিক্ষোভে রাস্তাজুড়ে জড়ো হওয়া মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দাঙ্গা নিয়ন্ত্রণে মোতায়েন সীমান্ত রক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এক বিক্ষোভকারীর হাতে থাকা সাইনবোর্ডে লেখা ছিল— “কোনও মানুষ অবৈধ নয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত থেকে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের সীমান্ত উপদেষ্টা টম হোমান।

এদিকে, এফবিআই জানিয়েছে যে শুক্রবার ও শনিবারের ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। সংস্থাটির উপপরিচালক ড্যান বোঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে লিখেছেন, “আমরা প্রমাণ যাচাই করছি এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে মার্কিন অ্যাটর্নি অফিসের সঙ্গে কাজ করছি।”
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নয়েমও এক্স-এ এক পোস্টে বলেন, “এলএ দাঙ্গাকারীদের বলছি— তোমরা আমাদের থামাতে পারবে না।”


















