পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবসায়িক সক্ষমতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
গঠিত কমিটির কোম্পানির কারখানা প্রাঙ্গণ, প্রধান কার্যালয়, হিসাব বই, বিভিন্ন রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্রে কোনো অসঙ্গতি রয়েছে কি-না তা খতিয়ে দেখবে। গঠিত তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন।
সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। তদন্তের বিষয়টি পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির উপ-পরিচালক মো. রফিকুন্নবী, সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক ও মো. রায়হান কবির।
আগের সরকারের আমলে আইন লঙ্ঘন করা কোম্পানিগুলোর বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকা ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।
বিএসইসির তদন্তের আদেশ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করে যে, পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির কারখানা প্রাঙ্গণ, প্রধান কার্যালয়, হিসাব বই, বিভিন্ন রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র পরিদর্শন করা প্রয়োজন। তাই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর বিধি ১৭ দ্বারা প্রদত্ত ক্ষমতাবলে কমিশন আলোচ্য বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে। উক্ত তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য বিএসইসির ৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। তদন্ত কর্মকর্তারা এই আদেশ জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন এবং কমিশনে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হলো। একইসঙ্গে পরিদর্শন প্রতিবেদনের দুটি হার্ড কপি এবং একটি সফট কপি কমিশনে জমা দিতে হবে।
যেসব বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি
গঠিত তদন্ত কমিটি পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির কারখানা প্রাঙ্গণ, প্রধান কার্যালয়, হিসাব বই, বিভিন্ন রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র খতিয়ে দেখবে। এছাড়া কোম্পানির মূলধন সংগ্রহের অর্থের ব্যবহার প্রসপেক্টাস এবং কমিশনের ২০২৪ সালের ২৭ মার্চ জারি করা সম্মতিপত্রের সব শর্ত অনুসারে সম্পাদিত হচ্ছে কি-না তদন্ত কমিটি তা যাচাই করে দেখবে।
কোম্পানি কর্তৃক যে উদ্দেশ্যে মূলধন সংগ্রহ করেছে তাতে কোনো সংশোধন আনা হয়েছে কি-না এবং সংশোধন আনার ক্ষেত্রে কমিশনের অনুমোদন নেওয়া হয়েছে কি-না তা যাইচ করবে তদন্ত কমিটি।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত ত্রৈমাসিক প্রান্তিকে মূলধন সংগ্রহের অর্থের ব্যবহার প্রতিবেদনে প্রদত্ত নিরীক্ষকের মতামত আছে কি-না তা খতিয়ে দেখা হবে। এছাড়া এই বিষয়ে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখবে গঠিত তদন্ত কমিটি।
কোম্পানির সর্বশেষ আর্থিক অবস্থা
২০২৩ ও ২০২৪ সালের ৩০ জুন (জুলাই-জুন, ২০২৪) পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০২ টাকা। ৩০ জুন ২০২৪ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৫৬ টাকা।