খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মাইনি নদীর স্রোতে ভেসে যাওয়া এক বৃদ্ধের মরদেহ প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ৭টা ১০মিনিটে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দলের অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের কার্টুরুং ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।
ওসি জানান, তড়িৎ চাকমা গতকাল সকাল আনুমানিক ৮টায় নদীতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি।
এর আগে, জেলার লক্ষ্মীছড়িতে খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ উক্রাচিং মারমার (১৯) মরদেহ স্থানীয়দের সহায়তায় শুক্রবার বিকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কয়েক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে খাল থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার (ভারপ্রাপ্ত কমকতা) রফিক আহমদ। উদ্ধারের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মরদেহ সৎকারের জন্য উপজেলা নির্বাহী কমকর্তা সেতু বড়ুয়ার মাধ্যমে পরিবারের লোকজনকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।