বাংলাদেশের শিক্ষা খাতে স্মার্ট প্রযুক্তি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ব্র্যাকনেট লিমিটেড ও হুয়াওয়ে বাংলাদেশ যৌথভাবে আয়োজন করলো একটি গুরুত্বপূর্ণ নলেজ-শেয়ারিং ইভেন্ট: “ক্যাম্পাস নেক্সট জেনারেশন: দ্য ফিউচার অফ ডিজিটাল এডুকেশন”।
গুলশানে অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন দেশের ৩০টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০ জনেরও বেশি প্রতিনিধি। তাদের মধ্যে ছিলেন উপাচার্য, অধ্যাপক, প্রযুক্তি পরিচালক, প্রকৌশলী, আন্তর্জাতিক বিনিয়োগ বিশেষজ্ঞ এবং হুয়াওয়ে-এর শীর্ষ কর্মকর্তারা।
আলোচনায় উঠে আসে হুয়াওয়ের পরবর্তী প্রজন্মের শিক্ষা প্রযুক্তি এবং ব্র্যাকনেটের বাস্তবভিত্তিক স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের অভিজ্ঞতা। ইভেন্টে হুয়াওয়ে বাংলাদেশ-এর পক্ষ থেকে ব্র্যাকনেট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার-কে সম্মাননা পদক প্রদান করা হয়, দেশের ডিজিটাল শিক্ষার রূপান্তরে তাদের অনন্য ও প্রভাবশালী অবদানের স্বীকৃতিস্বরূপ।

ব্র্যাকনেট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ পি এফ আহমেদ বলেন,
“হুয়াওয়ের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং অভিন্ন লক্ষ্য—শিক্ষা খাতে উদ্ভাবনের মাধ্যমে ক্ষমতায়ন। আমরা একসাথে কাজ করছি একটি স্মার্ট, সংযুক্ত ভবিষ্যত গড়ে তোলার জন্য। এই আয়োজন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টেকসই ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ব্র্যাকনেটের আইসিটি অবকাঠামো এবং সহযোগিতামূলক প্রযুক্তি সেবা ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে নিরাপদ, উচ্চগতির এবং ভবিষৎবান্ধব শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেনারেল ম্যানেজার ও প্রধান পরিচালন কর্মকর্তা মুকাররাম হুসাইন বলেন,
“ডিজিটালভাবে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি থেকে—যার বীজ আমরা বহু বছর আগে বপন করেছিলাম। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে ব্র্যাকনেট-এর নিবেদিত টিমের নিরলস প্রচেষ্টায়। সহযোগিতা, উদ্ভাবন ও অঙ্গীকারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ভবিষ্যতের পথ নির্মাণ করে যাচ্ছি।”
ব্র্যাকনেট ও হুয়াওয়ে—দুই প্রতিষ্ঠানের বহু বছরের দৃঢ় সম্পর্ক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম আজ বাংলাদেশের শিক্ষা খাতে যুগান্তকারী রূপান্তরের অন্যতম বাহক।


















