ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ২:২৭ পূর্বাহ্ন

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় একদিনে নিহত ২৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। “তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

এই সর্বশেষ হামলাটি ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফার সামরিক অভিযানের অংশ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ। হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, এবং তাদের উদ্ধারের অজুহাতে পুনরায় ১৮ মার্চ থেকে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এই নতুন দফায় গত প্রায় দুই মাসে গাজায় নিহত হয়েছেন ২ হাজার ৬৭৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৭ হাজার ৩০৮ জন।

অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত, প্রায় দেড় বছরে গাজায় মোট নিহত হয়েছেন ৫০ হাজার ৬০৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। এই হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। যদিও যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে ইসরায়েল ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু মাত্র দু’মাসের মধ্যেই সেই বিরতি ভেঙে ফের হামলা শুরু করে তারা। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বরাবরই স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস না করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে। এই অবস্থায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হলেও তা এখনো কার্যকর কোনো শান্তিপথ দেখাতে পারেনি। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ