পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তফসিলি ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই তহবিলের যথাযথ ব্যবহার ও বিনিয়োগ বাজারের তারল্য প্রবাহ বৃ্দ্ধিতে সহায়তা করবে এবং দৈনিক শেয়ার লেনদেনে গতি এনে বাজারকে ইতিবাচক ধারায় নিয়ে যাবে।
বুধবার (৯ এপ্রিল) শেয়ারবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এ তথ্য জানান।
সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে তফসিলি ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করে আমরা ডিবিএর পক্ষ থেকে গত ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে চিঠি দিয়েছিলাম। গভর্নর মহোদয় আমাদের সুপারিশ বিবেচনায় নিয়ে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই বিশেষ তহবিলের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত বৃদ্ধি করায় আমরা তাঁকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি, এই তহবিলের যথাযথ ব্যবহার ও বিনিয়োগ বাজারের তারল্য প্রবাহ বৃ্দ্ধিতে সহায়তা করবে এবং দৈনিক শেয়ার লেনদেনে গতি এনে বাজারকে ইতিবাচক ধারায় নিয়ে যাবে। আমরা আশা করি, গভর্নর মহোদয় পুঁজিবাজারের প্রতি সর্বদা সুদৃষ্টি রাখবেন এবং এর উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগীতা অব্যাহত রাখবেন।
এছাড়াও, উক্ত কাজে সহযোগীতা প্রদানের জন্য আমরা ডিবিএর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই।
পুঁজিবাজারের সার্বিক স্বার্থে আমরা অতীতের ন্যায় ভবিষ্যতেও সরকার, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসইসহ বাজার সংশ্লিষ্ট সকলের সাথে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং এর উন্নয়ন ও অগ্রগতিতে সংশ্লিষ্ট সকলকে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করছি।