ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৩:২১ অপরাহ্ন

মোদিকে ধন্যবাদ জানালেন পুতিন

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। ইউক্রেন এরইমধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যেকোনো যুদ্ধবিরতিতে সংঘাতের মূল কারণগুলোর সুরাহা করতে হবে। এ ছাড়া অনেক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে।

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য পুতিন বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পুতিন বলেন, প্রথমেই আমি ইউক্রেন-সমস্যার সমাধান নিয়ে ভাবার জন্য ধন্যবাদ জানাতে চাই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে। অনেকেই আমাদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, ব্রাজ়িল এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এই বিষয়ে অনেক সময় দিয়েছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে যায় বিশ্ব। তবে এই ভূরাজনৈতিক পরিস্থিতিতেও ভারসাম্যের কূটনীতি সফলভাবে এগিয়ে নিয়ে যায় দিল্লি। মার্কিন এবং পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার না-করে মস্কোর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছে ভারত।

গত মাসে হোয়াইট হাউসে ভারতের অবস্থান ব্যাখ্যা করে মোদি বলেছিলেন, ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। আমি প্রেসিডেন্ট পুতিনকে বলেছি এটা যুদ্ধের সময় নয়। আমি ট্রাম্পের নেওয়া প্রচেষ্টাকে সমর্থন করি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ