বিশিষ্ট ব্যবসায়ী এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । আজ বুধবার (১২ মার্চ) সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর সময় তার দুই সন্তান তার পাশে ছিলেন বলে তার আত্মীয় সৈয়দ আলমাস কবীর ফেসবুক পোস্টে জানান।
১৯৭২ সালে তিনি মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন। চার বছর পর তিনি ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন। ১৪ বছর পর তার হাত ধরে যাত্রা শুরু করে এপেক্স ফুটওয়্যার। বর্তমানে এটি দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান।
তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো– আমেরিকান চেম্বার অব কমার্স (এএমসিএইচএএম), বাংলাদেশ থেকে ২০০০ সালে “বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার” এবং ২০০২ সালে “বিজনেস পারসন অব দ্য ইয়ার” পুরস্কার।
সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৯৬ সালে যোগাযোগ, নৌপরিবহণ, বেসামরিক বিমান চলাচল; পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০০১ সালে কৃষি, নৌপরিবহণ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।