ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা ৭৯ বছরে পা রাখলেন। রাজনীতিতে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি এবার নতুন উদ্যোগ নিয়েছেন তিনি।
২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ এই দিনে সোহেল রানার প্রথম পডকাস্ট ‘আমি সোহেল রানা’র টিজার প্রকাশিত হবে। রাত আটটায় এটি উন্মুক্ত করা হবে Eyes On পেজ ও Eyes On YouTube চ্যানেলে। খুব শিগগিরই সম্পূর্ণ পডকাস্ট প্রচার শুরু হবে।
এদিকে, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও রাজনীতিতে নতুনভাবে সক্রিয় হয়েছেন সোহেল রানা। তার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’ আত্মপ্রকাশ করেছে, যা আগে ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ (বিআইপি) নামে পরিচিত ছিল। শান্তির প্রতীক পায়রা তাদের লোগোতে স্থান পেয়েছে।
প্রায় ছয় বছর ধরে চলচ্চিত্রে অনিয়মিত সোহেল রানা জানিয়েছেন, শুধুমাত্র বিশেষ চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে তার। বিশেষত, যদি কেউ জেনারেল আতাউল গনি ওসমানীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন, তবে তিনি অভিনয় করতে আগ্রহী।
৭৯তম জন্মদিনে তার এই নতুন উদ্যোগ ও রাজনীতির সক্রিয়তা ভক্ত-অনুরাগীদের জন্য এক নতুন চমক হয়ে এসেছে।