ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী এজাতুল্লাহ জারঘামি জানিয়েছেন, গত বছরের ১৯ মার্চ শেষ হওয়া বিগত ইরানি ক্যালেন্ডার বছরে দেশটিতে বিদেশী পর্যটকদের সংখ্যা আগের বছরের তুলনায় ৫০ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে জারঘামি বলেন, তিন বছরে প্রায় ১ কোটি ৪০ লাখ বিদেশী পর্যটক ইরান ভ্রমণ করেছেন।
মন্ত্রী আরও বলেন, ইরান এবং আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে কিছু রাজনৈতিক সমস্যার কারণে ইসলামী প্রজাতন্ত্রে দেশটির পর্যটকদের আগমনের সংখ্যা হ্রাস পেয়েছে। কারণ স্থলপথে উভয় পক্ষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিশ্বজুড়ে ইরানবিরোধী কার্যকলাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দেশ তাদের নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দেওয়ার পরেও ইরান ভ্রমণ বেড়েছে বলে জানান জারঘামি।
ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে (২০ মার্চ থেকে শুরু) ইরানে পর্যটকদের আগমন আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বড়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৮টি দেশের সাথে একতরফা ভিসা মওকুফের কথা উল্লেখ করে জারঘামি বলেন, ইরান বিশ্বের সকলের জন্য তার দরজা খুলে দিয়েছে এবং এই বছর ইরানে কিছু দেশ থেকে পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে। সূত্র: ইরনা