টঙ্গী ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন বগুড়ার শেরপুর থানার খামারকান্দি গ্রামের মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) এবং শরীয়তপুরের নড়িয়া এলাকার মোহাম্মদ এলেম শেখের ছেলে মোঃ আব্দুল আজিজ শেখ (৬০)। তিনি ২৭ নম্বর খিত্তার মুসল্লি ছিলেন।
তাবলীগ জামাতের নিজামউদ্দিন অনুসারী (সা’দ পন্থী) বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোঃ সায়েম জানান,শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নাজমুল এবং রাত সাড়ে ১০টার দিকে আব্দুল আজিজ শেখ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হন। পরে তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া দিদার তরফদার (৫৫), নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি গ্রামের তৈয়ব আলী তালুকদারের ছেলে। তিনি ময়দানের ৪১ নং খিত্তার (খুলনা জেলা) মুসুল্লী ছিলেন।
ইতিপূর্বে টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দুই ধাপে মোট ৭জন মুসুল্লীর মৃত্যু হয়েছিল। প্রথম পর্বের ইজতেমা ৩১জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। আর দ্বিতীয় পর্ব ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।