গত বছর সেপ্টেম্বরে বিশ্বের প্রথম তিন ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন তৈরি করে টেক জায়ান্ট হুয়াওয়ে।
গত বছর সেপ্টেম্বরে বিশ্বের প্রথম তিন ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন তৈরি করে টেক জায়ান্ট হুয়াওয়ে। তিনটা স্ক্রিনের সঙ্গে স্লিম ডিজাইনের কারণে বছরের বাকি সময়টুকু আলোচনায় ছিল চীনে উন্মুক্ত হওয়া ‘মেট এক্সটি’। এবার বিশ্ববাজারে আসছে ট্রাই-ফোল্ড ফোনটি। খবর ইন্ডিয়া টুডে।
একাধিক প্রতিবেদন বলছে, চলতি মাসে ডিভাইসটি আন্তর্জাতিক বাজারে আসবে। বুধবার চীনা কোম্পানিটি নিশ্চিত করেছে, ১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এটি বৈশ্বিকভাবে মুক্তি পাবে।
এখন পর্যন্ত শুধু একটি চীনা কোম্পানি ট্রিপল-ফোল্ড স্মার্টফোন বাজারে এনেছে। ডিভাইসটি উন্মোচনের সময় কোম্পানির কনজিউমার বিজনেস গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ইউ চেংডং বলেন, ‘হুয়াওয়ের সবচেয়ে এগিয়ে থাকা, উদ্ভাবনী ও বিপ্লবী পণ্য মেট এক্সটি।’ তবে এ প্রতিযোগিতায় নামতে চলেছে কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংও। নতুন হ্যান্ডসেটটি আগামী বছর জানুয়ারিতে উন্মোচন হতে পারে বলে জানান ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ং।
এদিকে সম্প্রতি ট্রাই-ফোল্ড প্রযুক্তিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছে হুয়াওয়ে। মেট এক্সটির পরবর্তী সংস্করণ আসতে যাচ্ছে বলে জানা গেছে। উন্নত ফিচার ও শক্তিশালী কিরিন ৯০২০ চিপসেটসহ চলতি বছরের শেষের দিকে ফোনটি উন্মোচন করা হতে পারে।