জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে জয়পুরহাট-ধামইরহাট সড়কের গারিয়াকান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন জয়পুরহাট সদর উপজেলার তেরগাঁতী গ্রামের গাউছুল আজম বাবুর ছেলে।
হৃদয় শহরের একটি শোরুমে চাকরি করতেন। কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে গুলশান মোড়ে একটি বালুবোঝাই ট্রাক ওভারটেক করার সময় দুর্ঘটনায় পড়েন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বলেন, “হৃদয় জয়পুরহাট শহরের মুন মার্কেটের আরএফএল শোরুমে চাকরি করতেন। রাতে শোরুম থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।