মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা এবার ভোলার এক যুবকের জীবনে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে এসেছে। ইনফিনিক্স ব্র্যান্ডের Note 50 Pro স্মার্টফোনটি পকেটে থাকা অবস্থায় বিস্ফোরণ ঘটে, যার ফলে অগ্নিদগ্ধ হয়ে তানভীর হোসেন নামে এক যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত রোববার (১২ জানুয়ারি) রাতে প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার সময়, তানভীরের প্যান্টের পকেটে থাকা মোবাইলটি হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তানভীরের বড় ভাই মোহাম্মদ ইউসুফ জানান, “পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ হয়ে আমার ভাই গুরুতর আহত হয়েছে। তার পায়ের কিছু অংশ পুড়ে গেছে। এই ঘটনা আমাদের কাছে স্মার্টফোনের মতো নয়, যেন টাইমবোমের মতো মনে হয়েছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
তানভীরের বন্ধু তারেক বলেন, “মোবাইল বিস্ফোরণের ঘটনা আগে বিদেশি সংবাদে দেখতাম। এখন আমাদের দেশেও ঘটছে। এখন মোবাইল পকেটে রাখতেও ভয় পাচ্ছি। এই ঘটনা এক অজানা আতঙ্ক তৈরি করেছে।”
টেক বিশেষজ্ঞ আহসানুল করীম জানান, কিছু স্মার্টফোন ব্যবহারের সময় অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। এতে ব্যাটারি বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, “কোম্পানিগুলো এসব ক্ষেত্রে কোনোভাবেই দায় এড়াতে পারে না। এর আগেও মোবাইল বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে।”
ইনফিনিক্স কোম্পানির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি বলেন, “বিস্ফোরণের ঘটনা সম্পর্কে আমরা জানি না। কেনো এমনটা হলো, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।”
বিশেষজ্ঞরা স্মার্টফোন ব্যবহারে সতর্কতার পরামর্শ দিয়েছেন। দীর্ঘক্ষণ চার্জে রাখা, কম দামের অননুমোদিত চার্জার ব্যবহার বা অতিরিক্ত গরম অবস্থায় ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তারা।
এ ঘটনার পর স্থানীয় ও সামাজিক মাধ্যমে মোবাইল ফোনের নিরাপত্তা নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।