২০২৫ সালে ওমরাহ পালনে সৌদি আরব যাত্রীদের জন্য ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে। এ টিকাগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।
সোমবার সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। এতে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সৌদির স্বীকৃত টিকা দেশটিতে পৌঁছানোর আগে গ্রহণ করতে হবে।
পাশাপাশি, ধনুষ্টংকার, হামসহ অন্যান্য রোগের টিকার ডোজ সম্পন্ন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
ওমরাহ যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণস্বরূপ সনদ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত, যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় ওষুধের তথ্যও সঙ্গে রাখতে বলা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের এই উদ্যোগের লক্ষ্য হলো ওমরাহ পালনকালে স্বাস্থ্যঝুঁকি কমিয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা।
সূত্র: জিও নিউজ