আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের দ্বিতীয় দিনই (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা। ইতোমধ্যেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অবস্থান গ্রুপ ‘এ’-তে। গ্রুপে স্বাগতিক পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল রয়েছে। যদিও গত আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল টাইগাররা। তবে এবার চ্যালেঞ্জ আরও বড়। সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং লিটন দাসের অনুপস্থিতি দলের শক্তি কিছুটা কমিয়ে দিয়েছে।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন ইংলিশ ওপেনার আলেক্স হেলস। এরপর আইএলটি২০ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে তিনি বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে নিজের মতামত দেন।
হেলস বলেন, “উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ভালো সুযোগ রয়েছে। আমার মতে, সেমিফাইনালে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং বাংলাদেশ খেলবে। টাইগারদের জন্য শুভকামনা।”
শেষ সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও, নিজেদের মাটির মতো উপমহাদেশীয় কন্ডিশনে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। দলটি আবারও সেমিফাইনালের ইতিহাস পুনরাবৃত্তি করতে পারবে কিনা, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।