শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারগুলো টাটকা সবজিতে ভরে উঠেছে। সরবরাহ বেড়ে যাওয়ায় গেল ২-৩ সপ্তাহ ধরে সবজির দামে স্বস্তি ফিরেছে। তবে মৌসুম নয় এমন কিছু সবজি এখনও চড়া দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, বড় আকারের ফুলকপি ও বাধাকপি প্রতি পিস ২০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, শালগম ৩০ টাকা, ঝিঙা ৬০ টাকা, এবং মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন আলু ৪০ টাকা, লাল আলু ৫০ টাকা, শিম ৩০-৬০ টাকা, গাজর ৬০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৫০ টাকা, এবং মিষ্টি কুমড়া ২০ টাকায় পাওয়া যাচ্ছে। পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকায় বিক্রি হচ্ছে।
মহাখালী বাজারে বাজার করতে আসা ফরিদ আহমেদ বলেন, “বর্তমান বাজারে সবজির দাম তুলনামূলকভাবে কম। কিছুদিন আগে ৮০-১০০ টাকায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছিল, এখন সেই তুলনায় দাম কম।” তবে আগের বছরগুলোর শীতের তুলনায় দাম এখনও কিছুটা বেশি বলে তিনি মন্তব্য করেন।
মগবাজারের সবজি বিক্রেতা জয়নাল হক বলেন, “বাজারে সবজির দাম একেবারে কমে গেছে। ক্রেতারা ব্যাগ ভরে সবজি কিনে নিচ্ছেন। মৌসুমের সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।”
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, “প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ টাটকা সবজি ঢাকায় আসছে। সরবরাহ বেশি হওয়ায় দামও কম। অন্তত দেড় মাস এমন দামে সবজি পাওয়া যাবে।”
সরবরাহ বাড়তে থাকায় ক্রেতারা আশাবাদী যে শীতের পুরো মৌসুমে এমন স্বস্তি বজায় থাকবে। বিক্রেতারাও মনে করছেন, বর্তমান চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সবজির বাজারে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।